বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Sex Cams

বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার তিন দেশে তিন উদ্বোধনী অনুষ্ঠান



ফুটবল বিশ্বকাপের প্রায় ৯৬ বছরের ইতিহাসে এবারই প্রথম তিনটি পৃথক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এতদিন বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান একটি শহরেই সীমাবদ্ধ ছিল। এমনকি ২০০২ সালে জাপান ও দক্ষিণ কোরিয়া যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করলেও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল কেবল সিউলে।

২০২৬ সালের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। এ কারণে স্বাগতিক তিন দেশেই আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল আসরকে বরণ করে নেওয়া হবে।

প্রথম উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে। বাংলাদেশ সময় আজ রাত ১টায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক মেক্সিকো। ম্যাচ শুরুর প্রায় ৯০ মিনিট আগে, রাত ১১টায় শুরু হবে উদ্বোধনী আয়োজন।

দ্বিতীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে কানাডার টরন্টো স্টেডিয়ামে। বাংলাদেশ সময় আগামীকাল রাত ১টায় বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে খেলবে স্বাগতিক কানাডা। ম্যাচের আগে রাত ১১টা ৩০ মিনিটে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের উদ্বোধনী আয়োজন হবে লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে। শনিবার বাংলাদেশ সময় সকাল ৭টায় প্যারাগুয়ের মুখোমুখি হবে স্বাগতিক যুক্তরাষ্ট্র। এর আগে ভোর সাড়ে ৫টায় শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান।

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে দর্শকদের আগ্রহ বরাবরই থাকে। ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে শাকিরার ‘ওয়াকা ওয়াকা’ পরিবেশনা বিশ্বজুড়ে ব্যাপক সাড়া ফেলেছিল। এবারের বিশ্বকাপেও থাকছেন এই জনপ্রিয় কলম্বিয়ান সংগীতশিল্পী।

মেক্সিকো সিটির অনুষ্ঠানে দেশটির সংস্কৃতি, ঐতিহ্য ও আদিবাসী শিল্পকলার বিভিন্ন দিক তুলে ধরা হবে। লোকজ পরিবেশনার পাশাপাশি ঐতিহ্যবাহী কাগজশিল্পও স্থান পাবে মঞ্চে। সেখানে বিশ্বকাপের অফিসিয়াল গান ‘ডাই ডাই’ পরিবেশন করবেন শাকিরা ও নাইজেরিয়ার শিল্পী বার্না বয়।

এ ছাড়া বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন আলেহান্দ্রো ফার্নান্দেজ, বেলিন্ডা, ড্যানি ওশান, জে বালভিন, লিলা ডাউনস, লস অ্যাঞ্জেলেস আজুলেস, মানা ও টাইলা।

বিশ্বকাপের উদ্বোধন উপলক্ষে মেক্সিকো সিটিতে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। শহরে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে এবং সরকারি কর্মীদের বাসা থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। মেক্সিকোর অনুষ্ঠান প্রায় ১৬ থেকে ১৭ মিনিট স্থায়ী হতে পারে। অন্যদিকে টরন্টো ও লস অ্যাঞ্জেলেসের অনুষ্ঠান হবে প্রায় ১৩ মিনিটের।

টরন্টোর উদ্বোধনী আয়োজনে কানাডার ইতিহাস ও গুরুত্বপূর্ণ অর্জনের বিভিন্ন দিক তুলে ধরা হবে। সেখানে সংগীত পরিবেশন করবেন অ্যালানিস মরিসেট, আলেসিয়া কারা, এলিয়ানা, মাইকেল বুবলে, নোরা ফাতেহি, বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ভেজেড্রিম এবং উইলিয়াম প্রিন্স।

লস অ্যাঞ্জেলেসের অনুষ্ঠানে আধুনিক প্রযুক্তিনির্ভর ভিজ্যুয়াল উপস্থাপনা ও গল্পভিত্তিক পরিবেশনা থাকবে। মঞ্চে পারফর্ম করবেন কেটি পেরি, ফিউচার, অ্যানিত্তা, লিসা, রেমা ও টাইলার।

তিনটি উদ্বোধনী অনুষ্ঠানের সৃজনশীল পরিচালনার দায়িত্বে রয়েছেন আন্তর্জাতিকভাবে পরিচিত অনুষ্ঠান পরিচালক মার্কো বালিচ, যিনি অলিম্পিকসহ বিভিন্ন বৈশ্বিক ক্রীড়া আসরের উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনার অভিজ্ঞতা অর্জন করেছেন।

ভিন্ন ভিন্ন দেশে আয়োজন হলেও তিনটি অনুষ্ঠানের মূল বার্তা একই—ভাষা, সংস্কৃতি ও ভৌগোলিক সীমারেখার ঊর্ধ্বে উঠে ফুটবল কীভাবে বিশ্বের মানুষকে একসূত্রে বাঁধতে পারে, সেই ঐক্যের শক্তিকে উদযাপন করা।

এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে মোট ৪৮টি দেশ। দলগুলো হলো—কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে, উরুগুয়ে, অস্ট্রেলিয়া, ইরান, ইরাক, জাপান, জর্ডান, দক্ষিণ কোরিয়া, কাতার, সৌদি আরব, উজবেকিস্তান, আলজেরিয়া, কেপ ভার্দে, কোট দিভোয়ার, মিসর, ঘানা, মরক্কো, সেনেগাল, দক্ষিণ আফ্রিকা, তিউনিসিয়া, কঙ্গো ডিআর, কুরাসাও, হাইতি, পানামা, নিউজিল্যান্ড, অস্ট্রিয়া, বেলজিয়াম, বসনিয়া ও হার্জেগোভিনা, ক্রোয়েশিয়া, চেকিয়া, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল, স্কটল্যান্ড, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড এবং তুরস্ক।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!