শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ | ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Sex Cams

ইউরোপ-আমেরিকার আকাশে উড়তে চায় ইউএস-বাংলা, বহরে যুক্ত হচ্ছে আরও ২১ উড়োজাহাজ



ছবি :সংগৃহীত

দেশীয় বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স আকাশপথে যাত্রার ১২ বছর পূর্ণ করে ১৩তম বছরে পদার্পণ করেছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংস্থাটি জানিয়েছে, আগামী কয়েক বছরের মধ্যে ইউরোপ, উত্তর আমেরিকা এবং অস্ট্রেলিয়ার বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনার লক্ষ্য নিয়ে এগোচ্ছে তারা।

২০১৪ সালের ১৭ জুলাই একটি ড্যাশ-৮ কিউ৪০০ উড়োজাহাজ দিয়ে ঢাকা-যশোর রুটে কার্যক্রম শুরু করে ইউএস-বাংলা। এরপর ২০১৬ সালে ঢাকা-কাঠমান্ডু রুটে ফ্লাইট চালুর মাধ্যমে আন্তর্জাতিক রুটে যাত্রা শুরু হয়। বর্তমানে সংস্থাটির বহরে রয়েছে ২৫টি উড়োজাহাজ, যার মধ্যে রয়েছে ৩টি এয়ারবাস এ৩৩০-৩০০ এবং ৯টি বোয়িং ৭৩৭-৮০০। এসব উড়োজাহাজ দিয়ে দেশের অভ্যন্তরীণ রুটের পাশাপাশি আন্তর্জাতিক ১৪টি গন্তব্যে নিয়মিত ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।

এয়ারলাইন্সটির কর্মকর্তারা জানিয়েছেন, আগামী বছরের মধ্যে বহরে আরও ২১টি বোয়িং উড়োজাহাজ যুক্ত হবে। এর মধ্যে রয়েছে ১৫টি বোয়িং ৭৩৭-৮ এবং ৬টি বোয়িং ৭৩৭-৮০০ নেক্সট জেনারেশন বিমান। নতুন উড়োজাহাজ যুক্ত হওয়ার পর কুয়েত, বাহরাইন, মদিনা, দাম্মাম, কলম্বো, মালয়েশিয়ার জোহর বাহরু ও পেনাং, পাশাপাশি হংকংয়ে নতুন ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, ২০২৮ সালের মধ্যে লন্ডন, রোমসহ ইউরোপের কয়েকটি শহরে এবং ২০৩০ সালের মধ্যে নিউইয়র্ক, টরন্টো ও অস্ট্রেলিয়ার সিডনিতে ফ্লাইট পরিচালনা করতে চায় ইউএস-বাংলা।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল-মামুন বলেন, বৈশ্বিক প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে এবং যাত্রীসেবার মান আরও উন্নত করতে ধারাবাহিকভাবে বহরে নতুন উড়োজাহাজ যুক্ত করা হচ্ছে। যাত্রীদের আরামদায়ক ও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য।

সংস্থাটির দাবি, স্বাধীনতার পর দেশের বেসরকারি বিমান সংস্থাগুলোর মধ্যে তারাই প্রথম চীনের কোনো গন্তব্য, ভারতের চেন্নাই এবং মালদ্বীপের রাজধানী মালেতে সরাসরি ফ্লাইট পরিচালনা করেছে।

আগামী হজ মৌসুম থেকে ট্যাক্স, বিভিন্ন চার্জ ও এজেন্সি কমিশন বাদে জনপ্রতি ৯৮ হাজার টাকায় হজ ফ্লাইট পরিচালনারও পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে ইউএস-বাংলা। এ বিষয়ে সরকারের কাছে আবেদন করা হয়েছে।

এয়ারলাইন্সটির মুখপাত্র মো. কামরুল ইসলাম জানান, যাত্রা শুরুর পর থেকে সংস্থাটি ৯০ শতাংশের বেশি সময়ানুবর্তী (অন-টাইম) ফ্লাইট পরিচালনার রেকর্ড ধরে রেখেছে। এছাড়া আন্তর্জাতিক ফ্লাইট অবতরণের পর মাত্র ১৫ মিনিটের মধ্যে যাত্রীদের লাগেজ সরবরাহ করা হচ্ছে, যা দেশের বেসামরিক বিমান চলাচল খাতে একটি উল্লেখযোগ্য অর্জন বলে তিনি দাবি করেন।

যাত্রী পরিবহনের পাশাপাশি দেশি-বিদেশি বিভিন্ন গন্তব্যে কার্গো পরিবহন সেবাও দিয়ে আসছে ইউএস-বাংলা।

সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২৫ সালে তারা ‘বেস্ট ডোমেস্টিক এয়ারলাইন্স’ স্বীকৃতি অর্জন করে। এর আগের তিন বছরও একই সম্মাননা পেয়েছে প্রতিষ্ঠানটি। বর্তমানে দেশ-বিদেশে প্রায় চার হাজার কর্মকর্তা-কর্মচারী ইউএস-বাংলায় কর্মরত রয়েছেন। নিয়মিত কর ও সারচার্জ পরিশোধের পাশাপাশি আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনার মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনেও ভূমিকা রাখছে প্রতিষ্ঠানটি।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!