সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Sex Cams

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, একই পরিবারের ৩ জন নিহত



ছবি :সংগৃহীত

আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে পাকিস্তানের চালানো বিমান হামলায় একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। সোমবার আফগান কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

তালেবান সরকারের উপমুখপাত্র হামদুল্লাহ ফিতরাত সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, কুনার প্রদেশে একটি বাড়িতে পাকিস্তানি বিমান হামলা চালানো হয়। এতে একই পরিবারের তিন সদস্য প্রাণ হারান এবং চারজন আহত হন।

এ ছাড়া পাকতিকা প্রদেশের বারমাল জেলায় দুটি স্থানে বিমান হামলার খবর পাওয়া গেছে। এসব হামলায় একটি দোকান ও একটি পরিত্যক্ত বাড়ি ধ্বংস হয়েছে। তবে সেখানে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আফগান কর্মকর্তারা আশঙ্কা করছেন, নতুন করে এই বিমান হামলার ফলে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে আবারও উত্তেজনা বাড়তে পারে। প্রায় তিন মাস ধরে দুই দেশের পরিস্থিতি তুলনামূলক শান্ত ছিল।

গত ফেব্রুয়ারি থেকে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সম্পর্কের টানাপড়েন চলছে। ওই সময় কয়েক বছরের মধ্যে দুই দেশের মধ্যে বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটে। পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তানের ভূখণ্ডে সশস্ত্র ব্যক্তিদের আশ্রয় দেওয়া হচ্ছে, যারা সেখান থেকে পাকিস্তানে হামলা চালায়। তবে তালেবান সরকার এ অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। তাদের বক্তব্য, এটি পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা।

সোমবারের বিমান হামলার কয়েক দিন আগে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি পুলিশ স্থাপনায় হামলা হয়েছিল। ওই ঘটনায় অন্তত ১৬ জন নিহত হন।

এদিকে নতুন হামলার বিষয়ে পাকিস্তানের সামরিক বাহিনীর কাছে মন্তব্য জানতে চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে কোনো জবাব পাওয়া যায়নি।

এর আগে গত জুলাইয়ে আফগানিস্তান পাকিস্তানের বিরুদ্ধে ড্রোন হামলা চালায়। পাকিস্তানের দাবি, তাদের বাহিনী ওই ড্রোন শনাক্ত করে গুলি করে ভূপাতিত করে।

এরও আগে মার্চে দুই দেশের মধ্যে বড় ধরনের হামলার ঘটনা ঘটে। সে সময় কাবুলে পাকিস্তানের বিমান হামলায় ৪০০ জনের বেশি মানুষ নিহত হওয়ার দাবি করে আফগান তালেবান সরকার। তাদের ভাষ্য অনুযায়ী, হামলায় একটি মাদক পুনর্বাসন কেন্দ্রও লক্ষ্যবস্তু করা হয়েছিল। তবে পাকিস্তান এ অভিযোগ অস্বীকার করে জানায়, তারা সামরিক স্থাপনা এবং সন্ত্রাসীদের সহায়তার সঙ্গে সংশ্লিষ্ট অবকাঠামোতে হামলা চালিয়েছে।

লন্ডনভিত্তিক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের তথ্য অনুযায়ী, পাকিস্তানের বিমানবাহিনীতে ৪২২টি যুদ্ধবিমান এবং ২৬০টির বেশি হেলিকপ্টার রয়েছে। বিপরীতে আফগানিস্তানের কোনো যুদ্ধবিমান নেই। দেশটির কাছে অন্তত ছয়টি বিমান, ২৩টি হেলিকপ্টার এবং বেশ কয়েকটি ড্রোন রয়েছে। পাকিস্তানের সঙ্গে আগের সংঘর্ষে আফগানিস্তান এসব ড্রোন ব্যবহার করেছে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!