
ছবি :সংগৃহীত
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন আবদুল্লাহ আল সৌদ।
নিউইয়র্কের স্থানীয় সময় শুক্রবার দুপুরে জাতিসংঘ সদরদপ্তরের ইউএন বাইল্যাটেরাল বুথ (গ্যাল-৭)-এ এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেসসচিব একেএম নাজমুল হক বৈঠকের বিষয়টি জানান।
তিনি বলেন, আলোচনায় দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তি, উন্নয়ন সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় স্থান পায়।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ ও সৌদি আরবের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বাংলাদেশে সৌদি বিনিয়োগ বাড়ানো এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী ঢাকা ও রিয়াদের মধ্যকার সম্পর্ককে আরও এগিয়ে নিতে সৌদি আরবের আগ্রহের কথা জানান।
এ সময় উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু নিয়েও মতবিনিময় করেন।




