
ছবি :সংগৃহীত
যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে। পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্রের ছবি ছড়িয়ে পড়ার অভিযোগের পর পরীক্ষা স্থগিত করে কর্তৃপক্ষ। এ সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন পরীক্ষাকেন্দ্রের সামনে বিক্ষোভ করেছেন চাকরিপ্রার্থীরা।
শনিবার (১০ অক্টোবর) রাজধানীর মতিঝিলের বালিকা উচ্চবিদ্যালয়, কলোনি উচ্চবিদ্যালয়, বালক উচ্চবিদ্যালয় ও বাঙলা কলেজ কেন্দ্র এলাকায় পরীক্ষার্থীদের বিক্ষোভ করতে দেখা যায়। এ সময় তাঁরা বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে মিছিল করেন।
বিক্ষোভকারীরা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের নিরপেক্ষ তদন্ত, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং তাঁদের শাস্তির আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে পরীক্ষা স্থগিতের কারণে তাঁদের যে ভোগান্তি ও আর্থিক ক্ষতি হয়েছে, তার দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিতে হবে বলে দাবি করেন তাঁরা।
পরীক্ষার্থীদের অভিযোগ, দেশের বিভিন্ন জেলা থেকে অনেকেই পরীক্ষা দিতে ঢাকায় এসেছিলেন। কিন্তু পরীক্ষা স্থগিত হওয়ায় তাঁদের সময় ও অর্থ নষ্ট হয়েছে। দূরদূরান্ত থেকে আসা প্রার্থীরা এমন পরিস্থিতিতে চরম দুর্ভোগে পড়েছেন বলেও জানান তাঁরা।
বিক্ষোভকারীরা যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগ দাবি করেন। তাঁদের ভাষ্য, নিয়োগ পরীক্ষা আয়োজনের ক্ষেত্রে কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।
এর আগে শনিবার সকাল ১১টায় যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে (১১তম গ্রেড) নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ২৪২টি পদের বিপরীতে সারা দেশ থেকে তিন লাখের বেশি প্রার্থীর এ পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। এ জন্য রাজধানীর প্রায় ১০০টি কেন্দ্রে পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। তবে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের পর পরীক্ষা স্থগিত করা হয়।



