
ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা সম্ভাব্য লক্ষ্যবস্তু, মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের ওপর রাসায়নিক হামলার আশঙ্কা; নিরাপত্তা প্রস্তুতি জোরদার
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থবাহী ‘ডার্টি বোমা’ কিংবা রাসায়নিক অস্ত্র ব্যবহার করে হামলার সম্ভাব্য পরিকল্পনা করছে ইরান। এ হামলার লক্ষ্য হতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর সাম্প্রতিক একাধিক তথ্যের বরাতে এমন আশঙ্কার কথা জানিয়েছে দেশটির কর্মকর্তারা।
তবে ইরান বাস্তবে এ ধরনের হামলা চালানোর সক্ষমতা অর্জন করেছে কি না কিংবা হামলার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে কি না, তা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতপার্থক্য রয়েছে।
সাতজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, সম্প্রতি ইরানের সম্ভাব্য হামলার পরিকল্পনা সম্পর্কে নতুন গোয়েন্দা তথ্য পেয়েছে যুক্তরাষ্ট্র। এসব তথ্যে ওয়াশিংটনের সম্ভাব্য হামলার স্থান এবং লক্ষ্যবস্তু সম্পর্কে সুনির্দিষ্ট কিছু ইঙ্গিত রয়েছে। বিষয়টি সামনে আসার পর সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তা সংস্থাগুলো জরুরি প্রস্তুতি শুরু করেছে।
তবে গোয়েন্দা তথ্য সম্পর্কে অবগত সূত্রগুলোর দাবি, ইরানের তৎপরতাকে এখনই আসন্ন হামলার চূড়ান্ত প্রস্তুতি হিসেবে বিবেচনা করা হচ্ছে না। বরং ভবিষ্যতে পরিস্থিতির অবনতি হলে ব্যবহারের জন্য একাধিক বিকল্প প্রস্তুত রাখার কৌশল হতে পারে এটি। হামলা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এমন কোনো নিশ্চিত প্রমাণও এখন পর্যন্ত পাওয়া যায়নি।
হোয়াইট হাউসের মুখপাত্র লরেন বিস এক বিবৃতিতে বলেছেন, যুক্তরাষ্ট্র সব ধরনের সম্ভাব্য হুমকির বিষয়ে সতর্ক রয়েছে। তবে দেশের অভ্যন্তরে এই মুহূর্তে কোনো বিশ্বাসযোগ্য বা আসন্ন হামলার হুমকি নেই।
অন্যদিকে, মার্কিন কর্মকর্তাদের একটি অংশ মনে করছেন, গোয়েন্দা তথ্য ইরানের ক্রমবর্ধমান আক্রমণাত্মক মনোভাবের প্রতিফলন। যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ও কঠোর অর্থনৈতিক অবরোধের মুখে তেহরান মার্কিন ভূখণ্ডের ভেতরে পাল্টা হামলার সম্ভাবনাও বিবেচনা করতে পারে। মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ইতিমধ্যে জানিয়েছেন, অবরোধের কারণে ইরানের অর্থনীতি মারাত্মক চাপে পড়েছে।
গোয়েন্দা তথ্য সম্পর্কে অবগত এক মার্কিন কর্মকর্তার ভাষ্য, ইরান এ ধরনের হামলা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় লোকবল ও সাংগঠনিক সক্ষমতা তৈরি করতে পেরেছে কি না, সেটি নিয়ে এখনো প্রশ্ন রয়েছে।
এদিকে, দুই দেশের মধ্যে সংঘাত বন্ধে কূটনৈতিক আলোচনা চললেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। গত সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ খুব শিগগির শেষ হওয়ার আশাবাদ ব্যক্ত করেন। তবে নতুন গোয়েন্দা তথ্য ঘিরে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংস্থাগুলোর তৎপরতা বলছে, সংঘাতের পরিণতি নিয়ে ওয়াশিংটনের উদ্বেগ এখনো কাটেনি।
সংশ্লিষ্ট দুই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, সম্ভাব্য হুমকি মোকাবিলায় গত এক সপ্তাহে প্রশাসনের কর্মকর্তারা একাধিক বৈঠক করেছেন। এসব বৈঠকে হামলার আশঙ্কা, সম্ভাব্য লক্ষ্যবস্তু এবং প্রতিরোধের ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে। একজন কর্মকর্তা এ প্রস্তুতিকে বিচক্ষণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।
ইরানের সম্ভাব্য হুমকির প্রেক্ষাপটে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টের নিরাপত্তাব্যবস্থাতেও পরিবর্তন আনা হয়েছে। গত সপ্তাহে সিক্রেট সার্ভিস তাঁকে সামরিক বাহিনীর আবাসন এলাকায় স্থানান্তর করেছে।
অবশ্য মার্কিন কর্মকর্তাদের বিরুদ্ধে ইরানের ষড়যন্ত্রের অভিযোগ নতুন নয়। ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদের প্রশাসন থেকেই এ ধরনের অভিযোগ সামনে এসেছে। ২০২৪ সালে ট্রাম্পকে হত্যার উদ্দেশ্যে অর্থের বিনিময়ে লোক নিয়োগের একটি পরিকল্পনার কথাও প্রকাশিত হয়েছিল। অতীতে এসব তৎপরতার বড় অংশ বিদেশ সফরে থাকা মার্কিন কর্মকর্তাদের লক্ষ্য করার মধ্যে সীমাবদ্ধ থাকলেও এবার যুক্তরাষ্ট্রের নিজস্ব ভূখণ্ডে হামলার আশঙ্কাও গুরুত্ব পাচ্ছে।
যুক্তরাষ্ট্রের নিরাপত্তা কর্মকর্তাদের উদ্বেগের অন্যতম কারণ ‘ডার্টি বোমা’। প্রচলিত বিস্ফোরকের সঙ্গে তেজস্ক্রিয় পদার্থ যুক্ত করে এ ধরনের বোমা তৈরি করা হয়। এটি পারমাণবিক বোমা নয়। পারমাণবিক বিস্ফোরণের মতো এতে পরমাণুর বিভাজনের মাধ্যমে বিপুল শক্তি উৎপন্ন হয় না। সাধারণ বিস্ফোরণের সাহায্যে তেজস্ক্রিয় পদার্থ আশপাশের এলাকায় ছড়িয়ে দেওয়াই এর উদ্দেশ্য।
বিশেষজ্ঞদের মতে, এ ধরনের বিস্ফোরণে তেজস্ক্রিয় কণা বাতাসে ছড়িয়ে কয়েকটি ব্লক থেকে শুরু করে কয়েক মাইল পর্যন্ত এলাকা দূষিত করতে পারে। তবে এতে তাৎক্ষণিক প্রাণহানির প্রধান কারণ সাধারণত বিস্ফোরণের আঘাত। পাশাপাশি তেজস্ক্রিয় দূষণের কারণে দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে এবং আক্রান্ত এলাকার কোনো কোনো অংশ বসবাসের অনুপযোগী হয়ে পড়তে পারে।
গোয়েন্দা সূত্রগুলোর মতে, এ ধরনের অস্ত্রের মূল উদ্দেশ্য নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত করা নয়; বরং ব্যাপক আতঙ্ক সৃষ্টি করা। এর ফলে মানুষ গুরুতর অসুস্থ হতে পারে এবং আক্রান্ত এলাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হতে পারে।
বোমাটি তৈরির জন্য খুব বেশি প্রযুক্তিগত দক্ষতার প্রয়োজন না হলেও তেজস্ক্রিয় পদার্থ সংগ্রহ করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মার্কিন কর্মকর্তাদের আশঙ্কা, ইরানকে এ ধরনের হামলা চালাতে প্রশিক্ষিত কোনো দল সরাসরি যুক্তরাষ্ট্রে পাঠানোর প্রয়োজন নাও হতে পারে। দেশটির অভ্যন্তরে বসবাসরত কাউকে অর্থ বা অন্য কোনো প্রলোভন দেখিয়েও কাজে লাগানো সম্ভব।
গোয়েন্দা সংস্থাগুলো ইরানের সঙ্গে সংশ্লিষ্ট কিছু কথোপকথন শনাক্ত করেছে, যেখানে যুক্তরাষ্ট্রের ভেতরে বোমা তৈরির উপকরণ মজুত রাখার দাবি করা হয়েছে। তবে এসব তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। তাদের একটি অংশ মনে করেন, যুক্তরাষ্ট্রে তেজস্ক্রিয় বা রাসায়নিক উপাদান আগে থেকেই মজুত করে রাখা ইরানের পক্ষে সম্ভব। এমনকি কিছু উপাদান ইতিমধ্যে দেশটিতে পৌঁছে দেওয়া হয়ে থাকতে পারে বলেও আশঙ্কা রয়েছে।
গোয়েন্দা তথ্য সম্পর্কে অবগত একটি সূত্রের দাবি, গত প্রায় এক দশকে যুক্তরাষ্ট্রের সীমান্তব্যবস্থায় যে দুর্বলতা ছিল, তাতে প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ কিংবা হামলার প্রস্তুতির জন্য লোকজনকে দেশে প্রবেশ করানো অসম্ভব ছিল না। অন্য একটি সূত্রের মতে, জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের অনেকে ধারণা করছেন, তেজস্ক্রিয় পদার্থের মতো উপকরণ কয়েক বছর, এমনকি কয়েক দশক আগেও যুক্তরাষ্ট্রে মজুত করা হয়ে থাকতে পারে।
তবে আরেক মার্কিন কর্মকর্তার মতে, এ ধরনের হামলা চালানোর ক্ষেত্রে ইরানের বাস্তব সক্ষমতা আগের তুলনায় বাড়েনি। বরং পরিবর্তন এসেছে হামলার প্রেরণায়। অর্থাৎ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা আঘাত হানার আগ্রহ তেহরানের মধ্যে বেড়ে থাকতে পারে।
এ বিষয়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তর কোনো মন্তব্য না করে বিষয়টি জাতীয় গোয়েন্দা পরিচালকের কার্যালয়ে পাঠিয়েছে। তবে ওই কার্যালয়ও মন্তব্য করতে রাজি হয়নি।
অন্যদিকে, জাতিসংঘে নিযুক্ত ইরানের মিশন অভিযোগগুলো প্রত্যাখ্যান করেছে। এক বিবৃতিতে তেহরান জানিয়েছে, যেকোনো পরিস্থিতিতে রাসায়নিক অস্ত্রের ব্যবহারকে তারা সম্পূর্ণ অবৈধ মনে করে। এ ধরনের অস্ত্র ব্যবহারের অভিযোগকে মিথ্যা ও মনগড়া বলেও দাবি করেছে ইরান। তবে ওয়াশিংটনে সম্ভাব্য ডার্টি বোমা হামলার পরিকল্পনা নিয়ে গোয়েন্দা তথ্যের নির্দিষ্ট বিষয়গুলোতে সরাসরি কোনো জবাব দেয়নি দেশটি।
সম্ভাব্য হামলার পরিকল্পনা আগেভাগে শনাক্ত করাও যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। বিদেশিদের যোগাযোগ পর্যবেক্ষণে মার্কিন নিরাপত্তা সংস্থাগুলোর ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ নজরদারি আইনের মেয়াদ গত জুনে শেষ হয়েছে। হোয়াইট হাউস ও কংগ্রেসের মধ্যে তৎকালীন ভারপ্রাপ্ত জাতীয় গোয়েন্দা পরিচালক বিল পুল্টেকে ঘিরে বিরোধের কারণে আইনটির মেয়াদ বাড়ানো সম্ভব হয়নি।
আইনটির আওতায় অনুমোদিত নজরদারি কার্যক্রমের মাধ্যমে বিদেশি নাগরিকদের যোগাযোগসংক্রান্ত তথ্য সংগ্রহ করতে পারত মার্কিন কর্তৃপক্ষ। তবে জুনের আগে অনুমোদিত নজরদারির আদেশগুলো ২০২৭ সালের মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।
কংগ্রেস নতুন করে আইনটির অনুমোদন না দিলে সন্ত্রাসী হামলার পরিকল্পনা শনাক্ত করার অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার হারাতে পারে জাতীয় নিরাপত্তা সংস্থাগুলো। এ আশঙ্কায় গত সপ্তাহে কংগ্রেসের উভয় কক্ষের রিপাবলিকান ও ডেমোক্র্যাট নেতাদের কাছে চিঠি পাঠিয়েছেন অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ, জাতীয় গোয়েন্দা পরিচালক জে ক্লেটন এবং সিআইএ পরিচালক জন র্যাটক্লিফ।
চিঠিতে তাঁরা সতর্ক করেছেন, আইনটির অনুমোদন বিলম্বিত হলে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে বসবাসরত নাগরিক এবং বিদেশে অবস্থানরত মার্কিন সেনাদের জীবন ঝুঁকিতে পড়তে পারে। বর্তমানের উচ্চ ঝুঁকিপূর্ণ নিরাপত্তা পরিস্থিতিতে এ বিলম্ব বিপজ্জনক হয়ে উঠতে পারে বলেও উল্লেখ করেছেন তাঁরা।
এ ছাড়া কংগ্রেসের ‘গ্যাং অব এইট’ নামে পরিচিত আট সদস্যের একটি গোষ্ঠীকেও ইরানসংক্রান্ত গোয়েন্দা তথ্য জানানো হয়েছে। প্রতিনিধি পরিষদ ও সিনেটের চার শীর্ষ নেতা এবং উভয় কক্ষের গোয়েন্দা কমিটির রিপাবলিকান ও ডেমোক্র্যাট শীর্ষ নেতারা এ গোষ্ঠীর সদস্য। তবে তাঁদের ব্রিফিংয়ে ওয়াশিংটনে ডার্টি বোমা বা রাসায়নিক অস্ত্র ব্যবহারের নির্দিষ্ট হুমকির বিষয়টি উঠে এসেছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
সম্ভাব্য হামলার আশঙ্কা শুধু যুক্তরাষ্ট্রের রাজধানীতে সীমাবদ্ধ নেই। মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাদের বিরুদ্ধেও ইরান রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারে—এমন গোয়েন্দা তথ্যের আরেকটি ধারাও গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছেন মার্কিন কর্মকর্তারা।
দুই মার্কিন কর্মকর্তার বরাতে জানা গেছে, এ ধরনের হামলার আশঙ্কা মোকাবিলায় নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে পৃথক প্রস্তুতি চলছে। এর আগে নিউইয়র্ক টাইমসও মার্কিন সেনাদের বিরুদ্ধে সম্ভাব্য রাসায়নিক হামলার আশঙ্কার বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল।
একাধিক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, এ ধরনের হামলা থেকে সেনাদের রক্ষার জন্য পর্যাপ্ত সুরক্ষাসামগ্রী নেই। পাশাপাশি রাসায়নিক অস্ত্রের আক্রমণ মোকাবিলায় প্রয়োজনীয় প্রশিক্ষণেরও ঘাটতি রয়েছে অনেক সেনার মধ্যে।
এ অবস্থায় মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন কূটনৈতিক ও গোয়েন্দা কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি পরিকল্পনা নেওয়া হচ্ছে। সম্ভাব্য রাসায়নিক হামলা থেকে নিজেদের সুরক্ষিত রাখতে সংশ্লিষ্ট কর্মীদের প্রয়োজনীয় সরঞ্জাম ও প্রশিক্ষণ দেওয়ার বিষয়টি গুরুত্ব পাচ্ছে।
ওয়াশিংটনে সম্ভাব্য হামলার আশঙ্কার পাশাপাশি হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের বিরোধও অব্যাহত রয়েছে। মার্কিন অবরোধ প্রত্যাহার, গুরুত্বপূর্ণ এই নৌপথ খুলে দেওয়া এবং যুদ্ধ বন্ধের বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা চললেও এখন পর্যন্ত কার্যকর কোনো সমাধান আসেনি।
আঞ্চলিক একটি সূত্রের মতে, উভয় পক্ষই আপাতত সমঝোতায় পৌঁছাতে আগ্রহী। তবে বাস্তবে কোনো পক্ষই উল্লেখযোগ্য ছাড় দিতে প্রস্তুত নয়। ফলে আলোচনা চললেও সামরিক ও নিরাপত্তাগত উত্তেজনা কমার লক্ষণ দেখা যাচ্ছে না।
সূত্রটি জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহ সমঝোতায় পৌঁছানোর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। এ সময়ে কিছু পক্ষ ইচ্ছাকৃতভাবে শান্তি আলোচনায় বাধা সৃষ্টি করতে পারে। বিশেষ করে ইরানের কট্টরপন্থী গোষ্ঠী কিংবা সরকারের নিয়ন্ত্রণের বাইরে থাকা উগ্র উপাদানগুলোর তৎপরতা নিয়ে উদ্বেগ রয়েছে।
যুদ্ধের কারণে রাজনৈতিক বা অন্য কোনোভাবে লাভবান হওয়া গোষ্ঠীগুলো সংঘাত দীর্ঘায়িত করতে চাইতে পারে। এমনকি যুদ্ধ অব্যাহত রাখার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হামলার মতো পদক্ষেপও নিতে পারে তারা। এতে দুই দেশের শান্তি প্রচেষ্টা আরও জটিল হয়ে ওঠার আশঙ্কা রয়েছে।
তবে একজন মার্কিন কর্মকর্তার মতে, রাসায়নিক অস্ত্র কিংবা ডার্টি বোমা ব্যবহার করলে ইরানকে ভয়াবহ পাল্টা প্রতিক্রিয়ার মুখে পড়তে হবে। এ ধরনের হামলার পরিণতি যে অত্যন্ত গুরুতর হতে পারে, তা তেহরানের অজানা নয়।
তারপরও ইরানের শাসকগোষ্ঠী যদি মনে করে তাদের ক্ষমতা কিংবা পুরো শাসনব্যবস্থার অস্তিত্ব হুমকির মুখে পড়েছে, তাহলে তারা বড় ধরনের ঝুঁকি নেওয়ার কথা বিবেচনা করতে পারে বলে আশঙ্কা করছেন মার্কিন কর্মকর্তারা।
সব মিলিয়ে হরমুজ প্রণালি ঘিরে অচলাবস্থা, অর্থনৈতিক অবরোধ, মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ এবং ওয়াশিংটনে সম্ভাব্য হামলার গোয়েন্দা তথ্য—সবকিছু মিলে যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত আরও জটিল হয়ে উঠছে। যদিও ইরানের হামলার চূড়ান্ত সিদ্ধান্ত কিংবা বাস্তব সক্ষমতার বিষয়ে এখনো নিশ্চিত তথ্য নেই, তবু সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করছে ওয়াশিংটন। কূটনৈতিক আলোচনা ব্যর্থ হলে সংঘাত আরও বিপজ্জনক পর্যায়ে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।





