
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে আলোচনায় বসার আহ্বান জানিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, তেহরান যদি সংলাপে না আসে, তাহলে তারা এমন পরিস্থিতির মুখোমুখি হবে যা আগে কখনো দেখেনি। তবে ট্রাম্প এখনো আশাবাদী যে ইরান শেষ পর্যন্ত আলোচনায় অংশ নেবে।
মঙ্গলবার (২১ এপ্রিল) আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, ‘দ্য জন ফ্রেডরিকস শো’ নামের একটি রেডিও অনুষ্ঠানে টেলিফোন সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন তিনি। ট্রাম্প বলেন, একটি ন্যায্য চুক্তির মাধ্যমে ইরান নিজেদের পুনর্গঠনের সুযোগ পেতে পারে। তবে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, কোনো অবস্থাতেই ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া হবে না। তার মতে, এটি বিশ্ব নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে।
ট্রাম্প আরও দাবি করেন, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সামনে কার্যত কোনো বিকল্প ছিল না এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হয়েছে।
এর আগে সোমবার তিনি জানান, যুদ্ধ পরিস্থিতি প্রশমনের লক্ষ্যে দ্বিতীয় দফা আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধিদল পাকিস্তানে যাচ্ছে। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে প্রতিনিধিদলটি সোমবার সন্ধ্যায় ইসলামাবাদে পৌঁছানোর কথা রয়েছে।
অন্যদিকে ইরান জানিয়েছে, কোনো ধরনের সমঝোতার কাঠামো তৈরি না হওয়া পর্যন্ত তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনায় বসবে না। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, পরবর্তী বৈঠক নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।




