
ছবি: সংগৃহীত
পবিত্র হজ পালন শেষে বাংলাদেশি হাজিদের দেশে ফেরার কার্যক্রম শুরু হয়েছে। এ পর্যন্ত ১৫টি ফিরতি ফ্লাইটে মোট ৬ হাজার ১৭৫ জন হাজি দেশে পৌঁছেছেন। একই সময়ে সৌদি আরবে অবস্থানকালে ৩৭ জন বাংলাদেশি হাজির মৃত্যুর তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্প ডেস্ক প্রকাশিত সর্বশেষ বুলেটিন অনুযায়ী, গত ২৬ মে পবিত্র হজ সম্পন্ন হওয়ার পর ৩০ মে থেকে আনুষ্ঠানিকভাবে ফিরতি ফ্লাইট পরিচালনা শুরু হয়।
প্রথম ফিরতি ফ্লাইটটি ছিল সৌদি এয়ারলাইন্সের এসভি-৫৮০৬। স্থানীয় সময় রাত ২টা ৪ মিনিটে জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪৪৫ জন হাজি নিয়ে ফ্লাইটটি বাংলাদেশের উদ্দেশে যাত্রা করে এবং বাংলাদেশ সময় সকাল ৯টা ৪৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪১৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৭৫৯ জন রয়েছেন। পরিবহনকারী এয়ারলাইন্সগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১ হাজার ১৮৪ জন, সৌদি এয়ারলাইন্স ১ হাজার ৬৯১ জন এবং ফ্লাইনাস ৩ হাজার ৩০০ জন হাজিকে দেশে ফিরিয়ে এনেছে।
এ পর্যন্ত পরিচালিত ১৫টি ফিরতি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৩টি, সৌদি এয়ারলাইন্স ৪টি এবং ফ্লাইনাস ৮টি ফ্লাইট পরিচালনা করেছে।
এদিকে সৌদি আরবে হজ পালনকালে এখন পর্যন্ত ৩৭ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ২৪ জন পুরুষ এবং ১৩ জন নারী। এর মধ্যে মক্কায় ২৭ জন ও মদিনায় ১০ জন মৃত্যুবরণ করেন।
বুলেটিনে আরও জানানো হয়, বিভিন্ন সময়ে ১৭৬ জন বাংলাদেশি হাজি সৌদি আরবের স্থানীয় হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা নিয়েছেন। বর্তমানে ২৬ জন হাজি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জনসহ মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রীর জন্য কোটা নির্ধারণ করা হয়। সৌদি আরবগামী প্রথম হজ ফ্লাইট ছিল ১৮ এপ্রিল এবং শেষ ফ্লাইট পরিচালিত হয় ২১ মে। অন্যদিকে ফিরতি ফ্লাইট কার্যক্রম চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।


